পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় উজ্জ্বল আলী (৩৩) নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল আলী রাজশাহীর চারঘাট উপজেলার বরকতপুর এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে তেঁতুলিয়া উপজেলা শহরে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উজ্জ্বল আলী সকালে তেঁতুলিয়া উপজেলা শহর থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন উজ্জ্বল। তাঁর মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় উজ্জ্বলকে অচেতন অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দেবনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুর ইসলাম বলেন, তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে সড়কে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় পঞ্চগড়ের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে একটি নীল রঙের ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে বাইরে পড়লেও মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ট্রাকটি প্রায় ১০০ ফুট মোটরসাইকেলটিকে ছেঁচড়ে নিয়ে যায়। পরে ট্রাকটি দ্রুতগতিতে তেঁতুলিয়া শহরের দিকে চলে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ধাক্কা দেওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আইনিপ্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।