গাছের প্রতি ভালোবাসা 

কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগ ও খরচে কয়েক হাজার গাছ লাগিয়েছেন এই ব্যক্তি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়জীবনে ঢাকায় পড়াশোনার সময় বিভিন্ন এলাকায় গাছ রোপণ করেন আলমগীর
ছবি: প্রথম আলো

হেমন্তের শিশিরভেজা সকাল। শহুরে মানুষের কর্মব্যবস্ততা তখনো শুরু হয়নি। কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনেই মুক্তমঞ্চ। সকাল হলেই সেখানে বিভিন্ন বয়সের মানুষ ব্যায়াম করতে আসেন। মুক্তমঞ্চের পাশে মধ্যবয়সী এক ব্যক্তি লম্বুগাছ রোপণ করছিলেন। মুখমণ্ডলে কাঁচা–পাকা দাড়ি। মুক্তমঞ্চসংলগ্ন এলাকায় তিনি এর আগেও বেশ কিছু গাছ লাগিয়েছেন। শুধু এই এলাকা নয়, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগ ও খরচে কয়েক হাজার গাছ লাগিয়েছেন এই ব্যক্তি। 

বৃক্ষপ্রেমী এই ব্যক্তির নাম হোছেন আলমগীর (৪৫)। তাঁর দাবি, গত ৩৩ বছরে তিনি কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়েছেন। এর মধ্যে তিন হাজারের অধিক তালগাছ রয়েছে। 

হোছেন আলমগীরের বাড়ি টাঙ্গাইলে। তবে ১০ বছর ধরে চাকরির সুবাদে তিনি কিশোরগঞ্জ শহরে থাকেন। আলমগীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী পদে চাকরি করেন। স্কুলজীবন থেকেই গাছের প্রতি ভালোবাসা আলমগীরের। তাঁর ছোটবেলা কেটেছে ঢাকার ধামরাই এলাকায়। সেই সুবাদে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়া–আসা ছিল। স্মৃতিসৌধ এলাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রদূতদের হাতে লাগানো গাছ ও এর গায়ে লাগানো সাইনবোর্ড দেখে বৃক্ষরোপণের প্রতি আলমগীরের আগ্রহ জন্মায়। 

এরপর থেকে নিয়মিত গাছ লাগানো শুরু করেন আলমগীর। তিনি যখন শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র, তখন টিফিনের টাকা বাঁচিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে একটি চামেলি ফুলের গাছ লাগিয়েছিলেন। প্রায় ৩৩ বছর আগে রোপণ করা সেই চামেলিগাছের ফুল এখনো সৌরভ ছড়াচ্ছে সেখানে। ছাত্রজীবনে নিজের পকেট খরচের টাকা বাঁচিয়ে আলমগীর গাছ লাগাতেন। বিশ্ববিদ্যালয়জীবনে ঢাকায় পড়াশোনার সময় বিভিন্ন এলাকায় গাছ রোপণ করেন তিনি। পড়াশোনা শেষে চাকরির সুবাদে তিনি কিশোরগঞ্জসহ যখন যেখানেই গেছেন, সেখানেই তিনি তাঁর প্রতি মাসের বেতনের একটা অংশ দিয়ে গাছ রোপণ চালিয়ে গেছেন। 

শুধু গাছ রোপণই করেননি আলমগীর, নিয়মিত এগুলো দেখভাল ও পরিচর্যার কাজ তিনি নিজ খরচে করেন
ছবি: প্রথম আলো

আলমগীর বলেন, ‘১০ বছর ধরে কিশোরগঞ্জে আছি। এই সময়ের মধ্যে প্রতি মাসেই বেতনের একটা অংশ দিয়ে গাছ কিনি। গাছ কেনা আমার মাসিক খরচের তালিকার মধ্যে পড়ে গেছে। কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, খেলার মাঠ, জেলখানা, মানুষের বাড়ির আঙিনা, রাস্তার আশপাশ ও নদীর পাড়ে ফলদ, বনজ ও ঔষধি নানা প্রজাতির গাছ লাগিয়েছি।’ 

কিশোরগঞ্জ শহরতলিতে অবস্থিত জেলখানায় ডেউয়া, মিষ্টি তেঁতুল, মিষ্টি কামরাঙা, সফেদা, গোলাপজাম, মাল্টা, জাতীয় ফল কাঁঠালসহ দুই শতাধিক ফলের গাছ রোপণ করেছেন আলমগীর। এ ছাড়া শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ, মুক্তমঞ্চ ও নরসুন্দা নদীর দুই পাড় মিলিয়ে প্রায় এক হাজার পাঁচ শ গাছ নিজ হাতে লাগিয়েছেন তিনি। আলমগীরের লাগানো দুর্লভ আগরগাছ, দুই রকমের কৃষ্ণচূড়া, দুই রকমের জাম, লম্বুগাছ ও নদীর কিনারে আলমগীরের লাগানো হাজারের বেশি তালগাছ এখন মানুষকে ছায়া দিচ্ছে। 

শুধু গাছ রোপণই করেননি আলমগীর, নিয়মিত এগুলো দেখভাল ও পরিচর্যার কাজ তিনি নিজ খরচে করেন। গাছের যত্ন নিতে নিজের খরচে অনেক সময় শ্রমিকও নেন। এ ছাড়া যাঁরা গাছ লাগানোর বিষয়ে আগ্রহী, তাঁদের এ বিষয়ে বিনা মূল্যে নানা রকম পরামর্শ দেন আলমগীর।

স্থানীয় বাসিন্দা আবদুল আওয়াল, মো. সোহেলসহ অন্তত ১০ জন ব্যক্তি বলেন, হোছেন আলমগীর কিশোরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের পাশে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে গাছের চারা রোপণ করে আসছেন। তাঁর মতো সবাই এভাবে গাছ রোপণ করলে দেশ আরও সবুজ-শ্যামলে হয়ে উঠত। 

মোহাম্মদ মুকসুদ আলী নামে কিশোরগঞ্জের এক ব্যক্তি বলেন, ‘এই গাছগুলো যত দিন বেঁচে থাকবে, হোছেন আলমগীরও তত দিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। এই যুগে তাঁর মতো মানুষ পাওয়া কঠিন। এই গাছপ্রেমীর প্রতি আমরা কৃতজ্ঞ। গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থকরী সম্পদ।’

কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর এলাকার আলহাজ তাজমল খান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. তসলিমুর রহমান খান বলেন, ‘আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছ নিজ অর্থায়নে লাগিয়েছেন হোছেন আলমগীর। এসব বিদ্যালয়ের অনেক উপকারে আসছে। গাছ আমাদের ছায়া দিচ্ছে। মূল্যবান কাঠও পাওয়া যাবে ভবিষ্যতে। এ ছাড়া এসব গাছের রক্ষণাবেক্ষণও হোছেন আলমগীর নিজেই করেন।’ 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশুবিশেষজ্ঞ সুবীর নন্দী বলেন, তিনি নিয়মিত গুরুদয়াল কলেজ মাঠের মুক্তমঞ্চে হাঁটতে যান। সেখানে গেলে প্রায় দিনই দেখতে পান, হোছেন আলমগীর নীরবে গাছের পরিচর্যা করছেন। মুক্তমঞ্চ এলাকায় অনেকেই গাছ লাগিয়েছেন। কিন্তু গাছ লাগানোর পর অনেকেই আর পরিচর্যা করেন না। অথচ হোছেন আলমগীর নিঃস্বার্থভাবে এ কাজ করে যাচ্ছেন। হোছেন আলমগীর একজন প্রচারবিমুখ মানুষ। তিনি কখনো এসব গাছের মালিকানাও দাবি করেন না। 

এ বিষয়ে হোছেন আলমগীর বলেন, ‘নিজ খরচে গাছ লাগালেও মূলত জমি বা প্রতিষ্ঠানের মালিকই এসব গাছের মালিক। আমার লাগানো গাছের কোনো অংশের ভাগ আমি আশা করি না। শখ ও ভালোলাগা থেকেই শুধু গাছ লাগিয়ে যাচ্ছি। নিজ উদ্যোগে যেসব গাছ লাগিয়েছি, সেগুলোর মধ্যে অনেক গাছ বড় হয়ে গেছে। মাঝেমধ্যে গাছগুলোর পাশে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। গাছগুলো দেখলে সন্তানের মতো লাগে। আসলে ভালো কাজ করার জন্য খুব বেশি অর্থসম্পদের প্রয়োজন হয় না। শুধু ইচ্ছা থাকলেই হয়।’