সাইকেল চুরির অভিযোগ নিয়ে চাচার সঙ্গে বিরোধ, হাঁসুয়ার কোপে আহত ভাতিজার মৃত্যু

লাশপ্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে বিরোধে চাচার হাঁসুয়ার কোপে আহত ভাতিজার মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত নাহিদ হোসেন (২২) গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভিটাপাড়ার বাসিন্দা। অভিযুক্ত লালন হোসেন (৩৫) সম্পর্কে তাঁর চাচা। তিনি একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত রোববার লালন হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ভাতিজা নাহিদ হোসেনকে সন্দেহ করে অভিযোগ তোলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন সোমবার আবারও বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লালন হাঁসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নাহিদের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। তিনি বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত করছে।