পিরোজপুরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা
পিরোজপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব শুরু হয়েছে। উৎসবে অংশ নিতে ৪৬৮ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করেছে।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
আজ সকাল থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে ভিড় করতে শুরু করে শিক্ষার্থীরা। সকাল আটটা থেকে নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সনদ ও সম্মাননা ক্রেস্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এ সময় আনন্দঘন এই মুহূর্তকে ছবি তুলে ফ্রেমবন্দী করে রাখে শিক্ষার্থীরা। অনেকেই আবার পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠে।
সকাল আটটার কিছুক্ষণ আগেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বুথের সামনে এসে হাজির হয় পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ–৫ পাওয়া সৌমজিৎ হালদার। সে বলে, ‘আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। সকালে বাসায় আর মন বসছিল না। তাই আটটা বাজার আগেই চলে এসেছি।’
সংবর্ধনায় যোগ দিতে খুলনা থেকে এসেছে নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম বলে, ‘জিপিএ ৫ পাওয়ার পর প্রথম আলো-শিখো থেকে সংবর্ধনা পাচ্ছি। এই ভালোলাগা বলে বোঝানো যাবে না। প্রথম আলো ও শিখোকে ধন্যবাদ এমন চমৎকার আয়োজনের জন্য।’
ভান্ডারিয়া উপজেলার বোতলা গ্রাম থেকে আল গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র মাসকাওয়াতুজ্জামান এসেছে সংবর্ধনা অনুষ্ঠানে। সে বলে, ‘সকাল ছয়টায় বাড়ি থেকে রওনা দিয়েছি। এখানে এসে নতুন অনেকের সঙ্গে পরিচিত হলাম, ছবি তুললাম। এমন অনুষ্ঠানে আগে কখনো যাওয়া হয়নি। খুবই ভালো লাগছে।’
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো বন্ধুসভার সাবেক সহসভাপতি মৌমিতা সরকার ও উপদেষ্টা মো. সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল।
শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে মঞ্চে উপস্থিত আছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সাকিল সরোয়ার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ও প্রথম আলোর হেড অব ইন্টিগ্রেটেড গ্রাফিকস সৈয়দ লতিফ হোসাইন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে থাকছে কৃতী শিক্ষার্থী ও পিরোজপুর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। দিনব্যাপী এ সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সনদের পাশাপাশি রয়েছে প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।