বগুড়ার শেরপুরে গাড়িচাপায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়কে দ্রুতগামী গাড়ির চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। ঢাকা–বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর ফায়ার সার্ভিসের প্রধান ফটকের সামনে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ট্রাকের চাপায় নিহত হন তিনি। তাঁর নাম আহসান হাবিব (৫০)। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে। শেরপুর ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন তিনি।
শেরপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় একটি দুর্ঘটনার সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের প্রধান ফটকের গেট খুলে দেন আহসান হাবিব। এ সময় মহাসড়কে ঢাকা থেকে বগুড়ামুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন তিনি। সিগন্যাল পেয়ে বগুড়ামুখী একটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিল। কিন্তু ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি বাস। এতে ট্রাকটি আহসান হাবিবকে চাপা দেয়। পরে দ্রুত আহসান হাবিবকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটার আহসান হাবিবের লাশ গ্রামের বাড়ি নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাক ও বাস পুলিশের হেফাজতে রয়েছে। তবে গাড়ি দুটির চালক পালিয়ে যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।