ভৈরবে সদস্য পদে লটারিতে জিতলেন জাকির হোসেন

জেলা পরিষদ সদস্য পদে লটারিতে বিজয়ী জাকির হোসেন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার সাধারণ সদস্য পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় আজ মঙ্গলবার লটারিতে তাঁদের ভাগ্য নির্ধারণ হয়েছে। লটারি জিতে বিজয়ী হয়েছেন জাকির হোসেন (তালা প্রতীক)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা সুজন লতিফুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন ও তাঁর প্রতিদ্বন্দ্বী কাইসার আহমেদ ভূঁইয়া (ঘুড়ি প্রতীক) ৫১টি করে ভোট পেয়েছিলেন। কাইসার আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

লটারির মাধ্যমে ভাগ্যনির্ধারণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

লটারিতে জিতে জাকির হোসেন বলেন, জেলা পরিষদের কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সাধারণ মানুষের প্রয়োজনে এগিয়ে আসার ব্যাপারে তাঁর ভূমিকা হবে সাহসী।

লটারিতে পরাজিত প্রার্থী কাইসার আহমেদ ভূঁইয়া বলেন, জনগণ তাঁকে রায় দিয়েছে ঠিকই, কিন্তু লটারি তাঁকে চেয়ারে বসতে দিল না।