ভৈরব স্টেশনে ট্রেন যাত্রীর মুঠোফোন ছিনতাইয়ের সময় যুবক আটক
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন উপস্থিত লোকজন। পরে ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রোববার রাতে রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম জুম্মন সুমন মিয়া (২৭)। তিনি ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও ট্রেনযাত্রী সূত্রে জানা যায়, ভৈরব জংশন রেলস্টেশন। প্রতিদিন ১৮টি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এ রেলস্টেশনে। নির্ধারিত আসনের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী এ রেলস্টেশন থেকে ট্রেনে ওঠে থাকেন। ফলে যাত্রী ওঠানামার ব্যাপক চাপ থাকে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশনে গতকাল রাতে যাত্রাবিরতি দেয়। যাত্রীরা যখন ট্রেনে উঠছিলেন, তখন জুম্মন সুমন মিয়া নামের যুবক এক যাত্রীর পকেট থেকে মুঠোফোন নিয়ে কেটে পড়ার চেষ্টা করছিলেন। এই দৃশ্য কয়েকজন দেখে তাঁকে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটকের পর জুম্মন সুমন বলেন, কিছুদিন ধরে তিনি রেলস্টেশনে যাত্রীদের মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার কাজ করছেন। রেলস্টেশনের কয়েকজন বন্ধুর প্ররোচনায় তিনি এ অপরাধ জগতে আসেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব-উল-হোসেন বলেন, আটক জুম্মন সুমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।