রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত
রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর ছেলে। গতকাল রোববার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম কাজী মর্তুজা হামীম নিপুন (৫০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের কাজী আবদুল মজিদের ছেলে এবং রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। মর্তুজার আহত ছেলের নাম কাজী ইমন। সে রাজবাড়ী সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে সে।
কালুখালী উপজেলা শিক্ষক সমিতির নেতা মোখলেসুর রহমান বলেন, কাজী মর্তুজার ছেলে কাজী ইমন রাজবাড়ী শহরে ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করে। গতকাল রাতে মোটরসাইকেলে ইমনকে নিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে কালুখালী ফিরছিলেন কাজী মর্তুজা। কালুখালী উপজেলার গান্ধীমারায় পাংশা হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের ওপর জব্দ করে রাখা ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন বাবা-ছেলে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে কাজী মর্তুজাকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। কাজী মর্তুজা এলাকায় ‘বিএসসি স্যার’ হিসেবে পরিচিত ছিলেন।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর কী হয়েছে, তিনি জানেন না।