চট্টগ্রামে হয়রানি, অনিয়মের তথ্য জানতে আদালতে অভিযোগ বক্স
বিচারপ্রার্থীদের কাছ থেকে অভিযোগ জানতে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে একটি অভিযোগ বক্স বসানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ জি এম মনিরুল হাসান সরকার এই বক্স বসান।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ২৫ ধারা মোতাবেক চট্টগ্রাম সিএমএম পদাধিকারবলে ‘জাস্টিস অব দ্য পিস’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত। বিচার প্রশাসনের স্বচ্ছতা, সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ নামের বক্সটি আদালত চত্বরে স্থাপন করা হয়েছে।
যেসব বিষয়ে অভিযোগ করা যাবে
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার যেকোনো নাগরিক ও বিচারপ্রার্থী বক্সটিতে অভিযোগ জানাতে পারবেন। পুলিশ ভেরিফিকেশনে হয়রানি ও আদালতের কোনো কর্মকর্তা–কর্মচারীর দুর্নীতি ও হয়রানিমূলক আচরণসহ নানা বিষয়ে অভিযোগ করা যাবে।
আদালত সূত্র জানায়, এ ব্যবস্থাটি নিয়মিত মামলার বিকল্প নয় এবং এই অভিযোগ বক্সের মাধ্যমে সরাসরি কোনো মামলা রুজু হবে না। তবে কোনো তথ্য নির্ভরযোগ্য বলে প্রতীয়মান হলে সিএমএম আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক বা বিচারিক ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে অসৎ উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ প্রদানকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সরাসরি সিএমএম আদালত ভবনে স্থাপিত সিএমএম, চট্টগ্রাম সমীপে নামক অভিযোগ বক্সে লিখিত আকারে জমা দেওয়া যাবে। এ ছাড়া অনলাইনে অভিযোগ পাঠানো যাবে এ ঠিকানায়: [email protected]। এই অভিযোগ বক্সটি সরাসরি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। তথ্য প্রদানকারীর জানমালের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে।