গাজীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি দায়ের করেন বিকাশ এজেন্ট হাসিন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আজিজুল হাসান। মামলায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে ২৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিকাশ এজেন্ট হাসিন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও সোহরাব গতকাল রোববার বিকেল চারটার দিকে একটি কালো রঙের ব্যাগে ২৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যাংকে জমা দিতে রওনা হন। পথে ভোগড়া কাজিমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের গেটের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পেছন দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে আসা আরও সাতজন অজ্ঞাতনামা আসামি এসে তাঁদের পথ রোধ করেন। এরপর হাবিবুর রহমান ও মো. সোহরাবের কাছে থাকা দুটি টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাঁরা বাধা দিলে ছিনতাইকারীরা তাঁদের মারধর করে এবং আতঙ্ক সৃষ্টি করতে দুটি ফাঁকা গুলি ছুড়ে জোরপূর্বক টাকার ব্যাগ দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হাসিন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আজিজুল হাসান বলেন, ‘দুটি ব্যাগে ২৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ছিল। ছিনতাইকারীরা পথ রোধ করে ককটেল ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আমার দুই কর্মীকে মারধর করে তাঁদের সঙ্গে থাকা টাকার ব্যাগ লুট করে নিয়ে যায়।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।