কুমিল্লায় বিএনপির পদযাত্রায় আবারও পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মহানগর বিএনপির পদযাত্রাটি নবাববাড়ী চৌমুহনী থেকে শুরু হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয় এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে। আজ রোববার লিবার্টি মোড়ে
ছবি: প্রথম আলো

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় আবারও বাধা দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেল সোয়া পাঁচটায় নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হওয়ার পরপরই লিবার্টি মোড়ে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।

এর আগে ২৩ মে একই দাবিতে পদযাত্রা বের করতে গেলে একই স্থানে বাধা দেয় পুলিশ।

খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি নিয়ে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ওই পদযাত্রার আয়োজন করা হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা বলেন, ‘বিকেল সোয়া পাঁচটায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু করি আমরা। পদযাত্রাটি কান্দিরপাড় লিবার্টি মোড়ে যাওয়ামাত্র পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে আমরা দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করি।’

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উত্বাতুল বারী, সদস্যসচিব ইউসুফ মোল্লা, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুল কবীরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মোস্তাক মিয়া বলেন, এ সরকার এখন শান্তিপূর্ণ পদযাত্রাও করতে দেয় না। পুলিশকে দিয়ে পদযাত্রা আটকে দেয়। আবার বলে তারা গণতান্ত্রিক সরকার। এভাবে বাধা দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে হবে।
অভিযোগ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জু মোর্শেদ বলেন, পুলিশ কোনো বাধা দেয়নি। দলীয় কার্যালয় এলাকায় পুলিশ অবস্থান নেয়।