রংপুরে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হলো তরুণের হাত-পা
রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন আসার আগমুহূর্তে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজু মিয়া (২২) রংপুর নগরের আশরতপুর এলাকার বাসিন্দা।
রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম জানান, আজ বেলা ১১টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী যাত্রীবাহী লোকাল ট্রেন রংপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের পর থামার জন্য ধীরগতিতে চলছিল। এ সময় রাজু মিয়া নামের ওই তরুণ লাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তাঁর এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ।
রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলি জানান, প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করার সময় ধীরে ধীরে চলছিল। এই সময়ে ওই তরুণ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতেই দুর্ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই তরুণের এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বেলা তিনটা পর্যন্ত চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরও রক্তের প্রয়োজন হবে।