সরাইলে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে মা-ছেলে নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন প্রাইভেট কারের যাত্রী। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন হাসিনা বেগম (৬৫) ও তাঁর ছেলে আমজাদ হোসেন মৃধা (৪৮)। তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। গুরুতর আহত হয়েছেন আমজাদ মৃধার দুই ছেলে সাদ হোসেন মৃধা (১১) ও সিয়াম হোসেন মৃধা (১৬) এবং বোন নিলুফা আক্তার (৪৫)। তাঁদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সময় প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাইভেট কারে আমজাদ হোসেন তাঁর মা, বোন ও দুই ছেলেকে নিয়ে নরসিংদী থেকে সিলেটে যাচ্ছিলেন। মঙ্গলবার দুপুরে সরাইলের শাহবাজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। দুটি গাড়ির চালক পালিয়ে গেছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পরপরই গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুই চালকই পালিয়েছে। লাশ জেলা সদর হাসপাতালে রয়েছে। পরিবারের জিম্মায় দেওয়া প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।