গাজীপুরে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ওই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মাইক্রোবাসের চালক আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সোহেল হাসিব খান (৪০)। তিনি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খানের ছেলে। সোহেল ‘সাইফ পাওয়ার টেক’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। আহত চালকের নাম মো. সজীব খান।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা যায়, সোহেল মাইক্রোবাসে নাগরী এলাকা থেকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে মাইক্রোবাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মশিউর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।