জামালপুরে একটি বাড়ি থেকে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চাল ও ডালের বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছে। শনিবার রাতে জামালপুরের মাদারগঞ্জ থানায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এগুলো জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও ফারজানা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালোবাজারে বিক্রির জন্য টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোড়ক চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে পরিবর্তন করা হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চাল ও ডালের বস্তাগুলো জব্দ করে।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাতেনাতে ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।