খাদিজা-সামিদুলের সংসারে পড়ালেখা ‘বড়লোকের বিষয়’
১১ বছরের তানজিনা আক্তার গত বছর প্রথমবারের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। ছয় মাস পড়াশোনার পর যখন ৩–এর নামতা শেখা হলো, তখন আবার ছন্দপতন। পরিবারের আর্থিক টানাপোড়েনে ওই সময় মা–বাবার সঙ্গে গ্রামের বাড়ি ময়মনসিংহে ফিরতে হয় তাকে। তানজিনার সাত বছর বয়সী বোন সায়মনা আক্তারের গল্পটাও একই রকম।
জীবনে প্রথমবারের মতো বিদ্যালয়ে ভর্তির পর দুজনই স্বপ্ন দেখেছিল অন্য দশটা শিশুর মতোই তারা বেড়ে উঠবে। কিন্তু তানজিনা–সায়মনাদের স্বপ্ন ছাই হয়ে যায় ইটভাটায়। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ার একটি ইটভাটায় কাজ করেন তাদের বাবা মো. সামিদুল (২৭) আর মা খাদিজা বেগম (২৫)।
জন্মের পর থেকে বছরের ছয় মাস মা–বাবার সঙ্গে বিভিন্ন ইটভাটাতেই দিন কাটে দুই শিশুর। কারণ, ইটভাটাতে বছরের ছয় মাস কাজ থাকে। বাকি ছয় মাস কাটে বাপ–দাদার ভিটা ময়মনসিংহের ফুলপুরে। তাই তানজিনা-সায়মনাদের কোনো বিদ্যালয়েই পড়াশোনার সুযোগ হয় না। সামিদুল আর খাদিজার জীবনও কেটেছে এভাবে। শৈশবে গ্রামের বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন সামিদুল। তবে খাদিজা কখনোই বিদ্যালয়ে যাননি।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে ইটভাটার খুপরিতে সামিদুলের পরিবারের সঙ্গে কথা হয়। বাঁশের চাটাই দিয়ে তৈরি ১২ হাত দৈর্ঘ্য আর ৭ হাত প্রস্থের খুপরি। সেখানকার মেঝেতে পাশাপাশি দুটি বিছানা পাতা। জানালাহীন অন্ধকার ঘরে কিছু জামাকাপড় ছড়ানো–ছিটানো। দুই বিছানার মাঝখানের ফাঁকা জায়গায় খাবার ও থালাবাসন রাখা। বাড়ি বলতে এই খুপরিকেই বোঝেন তাঁরা।
ঢাকার কেরানীগঞ্জের একটি ইটভাটায় সামিদুলের শ্বশুর খালেক মিয়া কাজ করেন। সামিদুলের বাবা সিরাজ আলীও ইটভাটার শ্রমিক। কাজের সূত্রেই দুই পরিবারের সখ্য। পারিবারিক পরিচয় থেকেই ১৪ বছর বয়সে খাদিজাকে বিয়ে করেন সামিদুল। এখন তাঁদের ঘরে তিন মেয়ে। ছোট মেয়ের সামিয়ার বয়স ১১ মাস।
আলাপে জানা গেল, গত সেপ্টেম্বরে গ্রামের এক ব্যক্তির (মধ্যস্থতাকারী) মাধ্যমে আড়াইহাজারের ভাটায় এসেছেন তাঁরা। গত বছর কাজ করেছেন রূপগঞ্জের ভুলতায় একটি ভাটায়। দুই মেয়েকে ভাটার পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেছিলেন। তবে কাজের মৌসুম শেষে মেয়েদের সঙ্গে নিয়ে বাড়ি চলে গেলে তাদের পড়াশোনা সেখানেই থামে। বছরে মাঝামাঝি হওয়ায় বাড়ি গিয়ে আর কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি।
সামিদুল বলেন, বাড়ি ফেরার পর মহাজনের কাছ থেকে দাদন নিয়ে বছরের বাকি ছয় মাস কাটান। ভাটায় কাজ পেলে আবার বাড়ি ছেড়ে আসেন। তবে একটানা ছয় মাস একা থাকা যায় না। তাই স্ত্রী–সন্তানদেরও সঙ্গে নিয়ে আসেন। ছোট মেয়েকে নিয়ে খাদিজা সংসার সামলান। তানজিনা আর সায়মনা তার কাজে হাত লাগায়। এতে সপ্তাহে ৫০০ টাকা আয় বাড়ে। প্রতিদিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি কাজ করেন। সব মিলিয়ে সপ্তাহে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা আয় করেন।
ওই ভাটার পাশের দেড় বিঘা জমিতে এ রকম আরও ৩২ ঘরে ইটভাটার শ্রমিকেরা বাস করেন। বাইরে পর্যাপ্ত খোলা জায়গা নেই। অচেনা এলাকায় স্থানীয় শিশুদের সঙ্গে সামিদুলের মেয়েরা মেশার সুযোগা পায় না। তাই ঘরের ভেতর পুতুল খেলে তানজিনা–সায়মনাদের অবসর কাটে।
সামিদুল আর খাদিজার সঙ্গে আলাপের ফাঁকে চোখে পড়ল, তাঁদের দুই মেয়ে পুতুল খেলছে। ১১ মাসের সামিয়া তখন বিছানায় ঘুমাচ্ছে। পড়াশোনার আলাপ উঠতেই পেছন থেকে মায়ের গলা জড়িয়ে সায়মনার প্রশ্ন, ‘মা আমরা কি আর পড়তে যামু না?’
মেয়ের এমন প্রশ্নে একে অন্যের মুখের দিকে তাকান সামিদুল আর খাদিজা। তারপর একগাল হেসে খাদিজা বলললেন, ‘পড়ালেখা বড়লোকের বিষয়। আমরা এই শখ করলে চলে না।’