হাকালুকি হাওরে সামান্য বেড়েছে জলচর পাখি, সবচেয়ে বেশি আছে হাওরখালে
মৌলভীবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন হাকালুকি হাওরে জলচর পাখির সংখ্যা এ বছর সামান্য বেড়েছে। তবে সামগ্রিকভাবে পাখির সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় অনেকটাই কম। হাওরের বিভিন্ন বিলে পাখিশুমারির পর আজ শুক্রবার সকালে শুমারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৮ ও ২৯ জানুয়ারি হাওরের বিভিন্ন বিলে পাখিশুমারি করা হয়। ‘বাংলাদেশ বার্ড ক্লাব’ ও ‘আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ প্রতিষ্ঠান (আইইউসিএন)’ এ কার্যক্রম পরিচালনা করে। ১৯৯৯ সালে সরকার এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) ঘোষণা করে।
শুমারি দল সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার প্রায় ২৮ হাজার হেক্টর এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এটি দেশের বৃহত্তম হাওর। চলতি বছরের ২৮ ও ২৯ জানুয়ারি ছয় সদস্যের দুটি দল হাওরের বিভিন্ন জলাশয়ে পাখিশুমারি করেন। শুমারিতে পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এ কার্যক্রমে নেতৃত্ব দেন।
ইনাম আল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুমারিতে ৫২ প্রজাতির ৩৭ হাজার ৭৭৮ জলচর পাখির দেখা মিলেছে। এর মধ্যে হাওরের হাওরখাল বিলে সর্বোচ্চসংখ্যক ১২ হাজার ৭৩২টি পাখি দেখা গেছে। এ ছাড়া বেশি দেখা মিলেছে পিয়াং হাঁসের। এর সংখ্যা ৫ হাজার ৪৫৭টি। এরপর ছোট পানকৌড়ির সংখ্যা ৪ হাজার ৫৩৭টি। এদিকে শুমারির সময় হাকালুকিতে বিরল ও বিপন্ন প্রজাতির দুটি ফুলুরি হাঁস দেখা গেছে।
এর আগে ২০২২ সালে শুমারিতে হাওরে ৫১ প্রজাতির ৩৬ হাজার ৫০১টি জলচর পাখির দেখা মিলেছিল। এ ছাড়া ২০২১ সালে ৪৫ প্রজাতির মোট ২৪ হাজার ৫৫১, ২০২০ সালে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬, ২০১৯ সালে ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১, ২০১৮ সালে ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০ এবং ২০১৭ সালে ৫০ প্রজাতির ৫৮ হাজার ২৮১টি পাখির দেখা মিলেছিল।
কয়েক বছর ধরে পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে ইনাম আল হক বলেন, শুধু হাকালুকি হাওরে নয়, কয়েক বছর ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশেই পাখির সংখ্যা কমে আসছে। এর মূল দুটি কারণ হলো—পাখির আবাসস্থল কমে যাওয়া ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়নের জন্য পাখির আবাসস্থল কেড়ে নেওয়া হচ্ছে। আর বৈশ্বিক উষ্ণতা পাখির জীবনযাত্রায় প্রভাব পড়ছে। এ পরিস্থিতি ঠেকাতে হলে পাখিদের আবাসস্থল রক্ষার কোনো বিকল্প নেই।
ইনাম আল হক আরও বলেন, হাকালুকি হাওরে সাধারণত এ সময় দুর্বৃত্তরা বিষটোপ ও জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি নিধন করে। বিষে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার গুণ বেশি পাখি মারা যায়। কারণ, বিষের প্রভাব দীর্ঘক্ষণ থাকে। জীবন শঙ্কার কথা ভেবে পাখিরা আগের মতো আর ওই হাওরে যায় না। এ কারণেও হাওরে পাখি কমে যাচ্ছে। তাই পাখি নিধন বন্ধে আইনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।