সত্যই মানুষ, সত্যকে ধারণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে ‘শিখো-প্রথম আলো’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কৃতী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সত্যই মানুষ। সত্যকে ধারণ করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি কার্যকর ওষুধের চেয়ে কার্যকর। তার মানে এই নয় যে সব সময় হ্যাঁ বলতে হবে। সত্যকে হ্যাঁ আর মিথ্যাকে না বলতে হবে। মিথ্যা, মাদক ও জঙ্গিবাদকে না বলতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজবাড়ীতে ‘শিখো-প্রথম আলো’ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন অতিথিরা। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথা সাহিত্যিক আনিসুল হক। উপজেলা পরিষদ চত্বরে বেলা দুইটার আগে কৃতী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের পদচারণে মিলনমেলায় পরিণত হয় উপজেলা পরিষদ চত্বর।

বেলা সোয়া তিনটায় প্রথম আলো বন্ধুসভার রাজবাড়ীর বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন বন্ধুসভার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মুশাররাত জাহান, জুবায়ের হাসান। অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্ত, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদাত হোসেন, প্রথম আলো গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি এম রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সনদ হাতে কৃতী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থ না বলার বিরুদ্ধে শপথ করান। ‘সবার আমি ছাত্র’ কবিতাটি সবার সঙ্গে আবৃত্তি করেন তিনি। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে শপথ করেন। তিনি বলেন, ‘এবার যারা জিপিএ-৫ পেয়েছে, ভবিষ্যতেও তাদের জিপিএ-৫ পেতে হবে। তবে যারা জিপিএ-৫ পায়নি তাদের হতাশ হলে চলবে না। বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিল গেটস, কেউ জিপিএ-৫ পাননি। কিন্তু তাঁরা প্রত্যেকেই ব্যক্তিজীবনে সফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করলে আমরা সফল হতে পারব।’

আনিসুল হক আরও বলেন, ‘আমাদের দেশের অনেক সফল মানুষ গ্রাম থেকে এসেছেন। আকাশের দিকে তাকালে উদার হতে পারবে। বাতাসের দিকে তাকিয়ে কর্মী হওয়ার মন্ত্র নিতে হবে। পাহাড়ের দিকে তাকালে মৌন হতে পারবে। সাগরের দিকে তাকিয়ে বড় হৃদয়ের হতে হবে।’

সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার চৌধুরী বলেন, এটি খুব ভালো উদ্যোগ। এতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বেড়ে যাবে। এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি করতে হবে।

রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সত্যকে হ্যাঁ বলতে হবে। মিথ্যাকে না বলতে হবে। সত্যই মানুষ। সত্যকে ধারণ করতে হবে। হ্যাঁ বলতে বলতে আমরা না বলতে ভুলে গেছি। আমাদের না বলাও শিখতে হবে। মিথ্যা, মাদক ও জঙ্গিবাদকে না বলতে হবে।’

সংবর্ধনা পাওয়া কৃতী শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

কৃতী শিক্ষার্থী মুশাররাত জাহান বলে, ‘আমি নানির বাড়িতে মানুষ হয়েছি। আমাকে সব সময় আমার নানি গাইড করেছেন। তাঁর কারণেই আমার এ ফল। প্রথম আলোর মাধ্যমে আজ এ কথা বলার সুযোগ পেলাম।’ জুবায়ের হাসান বলে, ‘আমি কৃষকের সন্তান। কৃষক পরিবারের সন্তান হিসেবে আমি গর্বিত। ভবিষ্যতেও আমি ভালো রেজাল্ট করতে চাই।’

অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে গান শোনান সংগীতশিল্পী অমিতা চক্রবর্তী, অপর্ণা রায়, দীপক কুমার, কুইন। নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার দপ্তর সম্পাদক অদ্রিজা চক্রবর্তী ও অন্তি। কবিতা আবৃত্তি করেন ফাহমিদা সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদ্যুত কুমার দাস ও কেয়া প্রামাণিক।