ফেনীর সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ফেনীর ফুলগাজী সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ (শূন্যরেখা) থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে বেলা তিনটা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০। তাঁর পরনে কালো ফুলহাতা টি-শার্ট ও কালো প্যান্ট ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের সীমান্তবর্তী জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি ঘটনাস্থল থেকে ফুলগাজী থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মরদেহটি ভারতীয় কোনো নাগরিকের।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাঁরা কেউ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিশাত তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে কাঁটাতারের বেষ্টনী অতিক্রম করতে গেলে যেমন আঁচড় লাগে তেমন আঁচড়ের চিহ্ন শরীরে পাওয়া গেছে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে।
মরদেহটি যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে জায়গার সীমান্তের দায়িত্বে রয়েছে বিজিবি-১০ কুমিল্লা অঞ্চল। জানতে চাইলে বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের তা তদন্ত চলছে।