পাথরঘাটায় কমিটি ঘোষণার এক দিন পর বিএনপির ১১ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১ নেতা পদত্যাগ করেছেন। বুধবার বিকেল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন
ছবি: প্রথম আলো

টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১১ নেতা পদত্যাগ করেছেন। কমিটি ঘোষণার এক দিন পর বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।

যৌথভাবে লিখিত ওই পদত্যাগপত্র পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্যসচিবকে হোয়াটসঅ্যাপ ও ডাকযোগে পাঠানো হয়েছে। এ ঘটনায় বর্ধিত সভা করে নতুন করে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে গতকাল মঙ্গলবার মো. ইউনুস খানকে আহ্বায়ক ও মো. এমদাদুল হককে সদস্যসচিব করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সদস্যসচিব এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম ওরফে মনির ইন্ধনে ওই নেতারা পদত্যাগ করেছেন। তিনি টাকার বিনিময়ে কোনো কমিটি দেননি। সবাই সেটি জানেন।

পদত্যাগ করা নেতারা হলেন সদ্য ঘোষিত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, আবদুল মন্নান মুন্সী, মো. দুলাল, সদস্য মো. জাকির হোসেন মুন্সী, মো. সুমন মিয়া, শাহ্ জালাল, সদস্য মো. জাফর হাওলাদার, সদস্য মালা বেগম, মো. ছগির হোসেন ও মো. আবু ছালেহ।

বিএনপির নেতা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। কমিটিতে টাকার বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দুই শীর্ষ পদ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাঁরা ১১ জন লিখিতভাবে পদত্যাগ করেছেন। তাঁরা ওই কমিটি বাতিল করে আবার ত্যাগীদের নিয়ে কমিটি ঘোষণার দাবি জানান।

ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, পাথরঘাটা উপজেলায় দলীয়ভাবে সবচেয়ে ভালো অবস্থানে আছে কাঁঠালতলী ইউনিয়ন বিএনপি। দলের দুঃসময়ে বর্তমানে ইউনিয়ন বিএনপি সংগঠিত। তবে কর্মিসভা না করে হঠাৎ গতকাল টাকার বিনিময়ে মো. ইউনুস খানকে আহ্বায়ক ও মো. এমদাদুল হককে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু কমিটি ঘোষণার আগে তাঁদের কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা করা হয়নি, যা গঠনতন্ত্রবিরোধী। তাই ১৫ সদস্যের ওই কমিটির ১১ নেতা পদত্যাগ করেছেন।

টাকা লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক প্রথম আলোকে বলেন, সদ্য ঘোষিত কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির শীর্ষ দুটি পদ না পাওয়ায় ওই নেতারা পদত্যাগ করেছেন।