বগুড়ায় আমনে বাড়তি খরচ ৪৫১ কোটি টাকা

এবার ১ লাখ ৭২ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। তবে মৌসুমের বাকি সময়টাতে বৃষ্টি না হলে খরচ আরও বাড়বে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবার প্রতি বিঘায় সাড়ে তিন হাজার টাকার বেশি খরচ হচ্ছে আমন ধান চাষাবাদে। এবার জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি। ফলে কৃষকদের জমিতে সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। ডিজেলের পাশাপাশি সার ও কীটনাশকের দাম বাড়ায় এ খরচ আরও বেড়েছে। জেলায় এবার আমন ধান চাষের জন্য বাড়তি খরচ গুনতে হবে ৪৫১ কোটি টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ১ লাখ ৭২ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। হিসাব করলে দেখা যায়, কৃষককে বাড়তি গুনতে হবে ৪৫১ কোটি ১০ লাখ টাকা। তবে মৌসুমের বাকি সময়টাতে বৃষ্টি না হলে এ খরচ আরও বাড়বে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন বলেন, অন্যবার জুলাই-আগস্ট মাসে পর্যাপ্ত বৃষ্টি হতো। এবার কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। এ রকম বৈরী আবহাওয়া আগে দেখেননি। এ অবস্থায় ৮০ ভাগ আমন ধানের জমিতে সেচ দিতে হচ্ছে। আমন ধানের চারা রোপণের মৌসুম আষাঢ়-শ্রাবণ মাস। তখন অনেক কৃষক গভীর ও অগভীর নলকূপ চালুর মাধ্যমে সেচ দিয়ে জমি প্রস্তুত করে খেতে চারা রোপণ করেছেন। এখন চলছে আমনখেতের পরিচর্যা। ভাদ্র মাসের মাঝামাঝিতেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। এখন সেসব খেত খরায় পুড়ছে। অনেক কৃষক সেচ দিয়ে আমন ধানের খেত বাঁচানোর চেষ্টা করছেন। ফলে খরচ আরও বাড়ছে।

কয়েকজন কৃষক বলেন, সেচপাম্প চালু করে একবার খেতে পানি দিতে প্রতি বিঘায় খরচ পড়ে ৫০০ টাকা। অনেকে চার দিন পর আবার কেউ সপ্তাহে একবার খেতে সেচ দিচ্ছেন। এতে প্রতি বিঘায় দেড় থেকে দুই হাজার টাকা বাড়তি খরচ গুনতে হয়েছে।

গত শনিবার গাবতলী উপজেলার সুখানপুকুর নতুনপাড়ায় গিয়ে দেখা গেছে, কৃষক পাম্প চালিয়ে আমন ধানের খেতে সেচ দিতে ব্যস্ত। জমিতে সেচ দিতে কোদাল হাতে ঝলসানো রোদের মধ্যে ডিজেলচালিত একটি শ্যালো পাম্পের পাশে দাঁড়িয়েছিলেন গাবতলী উপজেলার সুখানপুকুর নতুনপাড়া গ্রামের কৃষক সুশীল চন্দ্র রায়। তিনি বলেন, ‘বাপ-দাদার আমল থ্যাকে বৃষ্টির পানিত আমন ধান চাষাবাদ করিচ্চি। এইবার বর্ষাকাল চলে গেল, বৃষ্টির দেখা পানুনা। শ্যালো চালু করে ১৬ বিঘা খ্যাতত সেচ দিচ্চি। দিনে-রাতে ১৬ ঘণ্টা শ্যালো চালাচ্চি। কড়া রোদ। খ্যাতত সেচ দিতে না দিতেই পানি শুকে যাচ্চে। ২২ দিনে ৪০ হাজার টেকার ডিজেল পুড়চি।’

বৃষ্টির অভাবে ফেটে চৌচির শিবগঞ্জ উপজেলার ঝালখুর মাঠের আমন ধানের খেত। কৃষকেরা মাঠে চারটি গভীর নলকূপ দিনরাতে চালু রেখে আমন ধানের খেতে সেচ দিচ্ছেন। ঝালখুর গ্রামের কৃষক নাজমুল ইসলাম বলেন, নিজের ১১ বিঘা ছাড়াও প্রতিবেশীর ১৭০ বিঘা আমন ধানের খেতে দুই সপ্তাহ ধরে গভীর নলকূপ চালু করে সেচ দিচ্ছেন। দিনে বিদ্যুৎ খরচ ১ হাজার ৬০০ টাকা। ১৫ দিনে গভীর নলকূপ চালাতে গিয়ে গুনতে হয়েছে প্রায় ২৪ হাজার টাকা।

শুধু সেচের খরচই নয়, কৃষকদের বাড়তি দাম দিয়ে সারও কিনতে হচ্ছে। সদর উপজেলার কাজি নূরইল গ্রামের কৃষক আবু আলম বলেন, ১৫ বিঘায় আমন ধান আবাদ করেছেন। শ্যালো চালু করে সেচ দিতে হচ্ছে। আবার প্রতি বস্তা ১০০-২০০ টাকা বাড়তি দামে সার কিনতে হচ্ছে। এবার এক মণ আমন ধান উৎপাদনে খরচ ১ হাজার ৫০০ টাকা ছাড়িয়ে যাবে। কিন্তু এ খরচ তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

আবদুর রউফ বলেন, ‘সেচ দিতে খরচ বাড়চে। বস্তায় ১০০ টেকা বেশি দিয়ে সার কিনচি। খরচের যে অবস্থা, এইবার দেড় হাজার টেকা মণের নিচে আমন বেচলে লোকসান হবি। ধানের দাম না পাইলে পরে আমন চাষ কেউ করবি না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত) এনামুল হক বলেন, বৃষ্টির অভাবে ৯০ ভাগ আমন ধানের খেতে গভীর-অগভীর নলকূপ চালু করে সেচ দিতে হচ্ছে। ফলে খরচ কিছুটা বাড়তি। তিনি আশা করছেন, কৃষক ভালো দাম পাবেন ধানের।