লাঠিতে ভর দিয়ে চলছে জীবন, শুকিয়ে যাচ্ছে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থতার কারণে লাঠিতে ভর দিয়ে চলতে হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিমকে
ছবি: প্রথম আলো

যতই দিন যাচ্ছে, পায়ের শক্তি কমে আসছে মো. মোস্তাকিমের (৩০)। হাঁটতে হচ্ছে লাঠিতে ভর দিয়ে। বিশ্ববিদ্যালয়ের বহুতল ভবনের সিঁড়ি বাইতে হচ্ছে সহপাঠীদের সহযোগিতায়। কয়েক বছর ধরে দেশের ভেতরে ও অনলাইনে ভারতের চিকিৎসক দেখিয়েছেন। তাঁরা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে বলেছেন, র‍্যাডিকিউলোপ্যাথিতে আক্রান্ত মোস্তাকিম। ভারতে গিয়ে অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারছেন না মোস্তাকিম। ফলে অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

মো. মোস্তাকিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াদপুর গ্রামের দিনমজুর আবদুর রশিদের ছেলে। বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৫ নম্বর কক্ষে থাকেন তিনি।

মোস্তাকিম প্রথম আলোকে বলেন, তাঁর বয়স যখন ১২-১৩ বছর, তখন থেকে পায়ের সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে দুই পায়ের শক্তি হারাতে থাকেন। মাঝেমধ্যে লাঠি নিয়ে চলতে হতো তখন। ২০১১ সালে দশম শ্রেণির ছাত্র থাকার সময় চলাচলের শক্তি হারাতে বসেন। ওই সময় মাধ্যমিক পরীক্ষা দিয়ে জয়পুরহাটে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তাঁর শরীরের নিচের অংশের শিরাগুলো শুকিয়ে যাচ্ছে। রক্ত চলাচল স্বাভাবিক নেই। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু তখন অর্থের অভাবে ঢাকায় যেতে পারেননি। তবে ওই চিকিৎসকের লেখা কিছু ওষুধ খেয়ে কিছুদিন ভালো ছিলেন।

২০১৮ সালে আবারও সমস্যা বাড়তে থাকে জানিয়ে এই শিক্ষার্থী বলেন, এখন আর লাঠি ছাড়া চলতে পারেন না। এ অবস্থায় উচ্চমাধ্যমিক পাস করেছেন। ভর্তি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

এখন লাঠিতে ভর দিয়ে জীবন চলছে উল্লেখ করে মোস্তাকিম বলেন, ২০২০ সালে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) যান। সেখানে নতুন করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। একপর্যায়ে চিকিৎসক এমআরআই করাতে বললেও টাকার অভাবে করাতে পারেননি। দুই দিন চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন। সিআরপির চিকিৎসকেরা যত দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। তা না হলে পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাবে বলে সতর্ক করে দেন।

২০২১ সালে ভারতের ভেলর শহরের সিএমসি হাসপাতালের নিউরোলজিস্ট কনসালট্যান্ট সুভরনসু শেখরের সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন মোস্তাকিম। তিনি বলেন, অস্ত্রোপচার করতে হবে জানিয়ে ওই চিকিৎসক তাঁকে ভারতে যেতে বলেন। এ জন্য সব মিলিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ হবে। টাকা জোগাড় করতে পারেননি বলে যেতে পারেননি।

শরীরের অবস্থা খারাপ হওয়ায় সর্বশেষ গত ১৮ আগস্ট অনলাইনে সুভরনসু শেখরের সঙ্গে আরেক দফা কথা বলেন জানিয়ে মোস্তাকিম বলেন, কিছু ওষুধ দিয়ে এক মাসের মধ্যে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। টাকার অভাবে এখনো যেতে পারেননি।

মোস্তাকিমের বাবা অন্যের জমিতে কৃষিকাজ করেন। মাত্র ৫ শতক জমির ওপর দুই কক্ষের বসতঘর। বাবা যা আয় করেন, তা দিয়ে সংসার চালান। তাঁর পড়ালেখার খরচও দিতে পারেন না বাবা। টিউশনি করে শিক্ষকদের সহযোগিতায় পড়ালেখার খরচ জোগাড় হয়। চিকিৎসা করানোর জন্য এত টাকা কোথায় পাবেন, ভেবে পাচ্ছেন না মোস্তাকিম।

ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন মোস্তাকিমের বাবা আবদুর রশিদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসার জন্য ছেলেকে অনেক আগেই ভারতে নিয়ে যাওয়ার দরকার ছিল। টাকা জোগাড় না হওয়ায় নিতে পারিনি। এখন আর দেরি করার সুযোগ নেই। আমার ছেলেকে সুস্থ করে তুলতে সবার সহযোগিতা চাই।’