পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ বেশি: স্পিকার
বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ বেশি মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। আবার স্বৈরশাসন যখন মানুষের ওপর চেপে বসে, সেই সময় ছাত্র-যুবকেরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে আবার গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করে।
নিজ জেলা ভোলা সফরের আগে আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি অসম্ভব, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
স্পিকার বলেন, ‘রাজনীতির একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাঁদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।’
১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে জানিয়ে স্পিকার বলেন, ‘সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে দেশের মাটিতে—এটাই কামনা করি।’
বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি, এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’
এর আগে স্পিকার বরিশালের তাঁর শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণা করেন। বরিশালে পৌঁছালে সার্কিট হাউসের সামনে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে ভোলার উদ্দেশে রওনা দেন তিনি।