বাবার মোটরসাইকেল থেকে শিশু ছিটকে সড়কে, কাভার্ড ভ্যানের চাপায় নিহত

শিশু খালিদের লাশ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মোয়াজ্জেম হোসেন। আজ রোববার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

কুমিল্লার দেবীদ্বারে ভাঙা সড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হোসেন (৮) দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দেবীদ্বার পৌরসভার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসা থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল শিশু খালিদ। পথে বানিয়াপাড়া এলাকায় সড়কের ভাঙা অংশে বাবার মোটরসাইকেল থেকে সে ছিটকে পড়ে। সে সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে স্বজনেরা শিশুটির লাশ উদ্ধার করে নিয়ে যান।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া গ্রহণ করা হবে।