‘চৌদ্দ-আঠারো সাল মার্কা ভোট বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না’
নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম প্রামাণিক বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ কষ্টে থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেহেশতে রয়েছেন। এ জন্য একদিক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন, বাংলাদেশের মানুষ বেহেশতে আছেন। বাংলাদেশের নাম রাখা উচিত ‘গণপ্রজাতন্ত্রী বেহেশত’। যে দেশে জনগণের টাকায় বুলেট কিনে তাদের বুকেই বুলেট বিদ্ধ করে।
আজ বুধবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম প্রামাণিক এ কথা বলেন। দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির কর্মী হত্যার প্রতিবাদে এ সমাবেশ হয়।
মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান বক্তা আবদুল মতিন বলেন, ‘এই সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। চৌদ্দ-আঠারো সাল মার্কা ভোট বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। ভোলায়, নারায়ণগঞ্জে আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। এই স্বৈরাচার সরকারকে হটাতে হলে আরও রক্ত দিতে হবে এবং আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। রাজপথে নেমে গেছি, আর ঘরে ফিরতে চাই না। বিএনপির ঘাঁটি মান্দা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু।’