ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব ও যুবদলের সহসভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া ও মহানগর যুবদলের সহসভাপতি ইউসুফ হোসেন
ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া ও মহানগর যুবদলের সহসভাপতি ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে শহরের পূর্ব খাবাসপুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

এ দুই নেতাকে গ্রেপ্তারের তথ্য বেলা একটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। তিনি বলেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের শ্রীঅঙ্গন সেতুর কাছে ও রাত দেড়টার দিকে অম্বিকাপুর রেলগেট এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি ঘটনা ঘটে। এসব ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করে। ওই দুই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এ কে কিবরিয়া ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।