সালিস বৈঠকে চোর সন্দেহে দুই ভাইকে পিটুনি, একজনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে সালিস বৈঠকে দুই ভাইকে পিটুনির অভিযোগ উঠেছে। এ সময় এক ভাইয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর ভাই হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবছার। আহত অপরজন হলেন তাঁর ভাই মোহাম্মদ রাসেল। তাঁরা ওই গ্রামের নবীউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিউবওয়েল ও তার চুরির অভিযোগ এনে গতকাল বিকেল পাঁচটার দিকে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিস বসানো হয়। এ সময় স্থানীয় একদল লোক তাঁদের চোর সন্দেহে বৈঠকেই লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। পরে অন্যরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে আজ সকালে প্রথম আলোকে বলেন, নিহত ও আহত দুজন ভাই। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে সালিস বৈঠক বসান গ্রামের কিছু লোক। এ সময় এক পক্ষ লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।