ঝিনাইদহে দুর্বৃত্তের আগুনে পুড়ল ইউনিয়ন আ.লীগের কার্যালয়, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভস্মীভূত সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের ত্রিমোহনী এলাকায়
ছবি: প্রথম আলো

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ডাকবাংলা বাজারের ত্রিমোহনী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ সব আসবাব পুড়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ত্রিমোহনী এলাকার বাসিন্দারা জানান, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাত তিনটার দিকে আগুন জ্বলতে দেখেন তাঁরা। মুহূর্তেই আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে যায় কার্যালয়ের ভেতরে থাকা সব আসবাব।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী অভিযোগ করে বলেন, রাতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা সভা করে তাঁদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন। তাঁরা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছেন। তাঁরা দেশের পরিস্থিতি অশান্ত করতে চান।

অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। তিনি প্রথম আলোকে বলেন, নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ নাটক সাজিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, রাতে এ ঘটনা ঘটেছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরে
ছবি: প্রথম আলো

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ দুপুরে ঝিনাইদহ শহরে বিক্ষোভ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ওরফে মিন্টুর নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা।