সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর বাবার মরদেহ দাফন
গাইবান্ধার সাদুল্লাপুরে ভাই ও বোনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সাত ঘণ্টা পর বাবার মরদেহ দাফন হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামে দাফন সম্পন্ন হয়।
বোয়ালিদহ বকশীগঞ্জ গ্রামের নাজির উদ্দিন ব্যাপারী (৭০) গতকাল রোববার দুপুরে বার্ধক্যের কারণে মারা যান। তাঁর দুই ছেলেমেয়ে—ইদ্রিস আলী ও হালিমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়। মাইকিং করে এলাকাবাসীকে বিষয়টি জানানো হয়। তবে দাফনের আনুষ্ঠানিকতা শুরুর আগেই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে আপত্তি তোলেন হালিমা বেগম। এ নিয়ে সালিস বসে। সালিসে হালিমাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল পাঁচটার দিকে দাফনকাজ সম্পন্ন হয়।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি মুঠোফোনে বলেন, ভাই ও বোনের বিরোধ মীমাংসার পর আজ বিকেল পাঁচটার দিকে তাঁদের বাবার দাফন সম্পন্ন হয়েছে।
হালিমা বেগম প্রথম আলোকে বলেন, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্য অংশ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তাই সম্পত্তির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেননি।
এ বিষয়ে জানতে ইদ্রিস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ‘আজ বিকেলে ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্রামের লোকজন ভাইবোনের মধ্যে সমঝোতা করে দিয়েছেন। বিকেল পাঁচটার দিকে লাশ দাফন সম্পন্ন করা হয়।’