বগুড়া থেকে চুরি যাওয়া ১২ টন সিসা সীতাকুণ্ডে উদ্ধার, গ্রেপ্তার ১
বগুড়া থেকে চুরি যাওয়া ১২ টন সিসা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানার পুলিশ। রোববার সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল বাজার থেকে এসব সিসা উদ্ধার করা হয়।
চোরাই সিসা কেনার অভিযোগে করা মামলায় মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা সিসার দাম প্রায় ৪২ লাখ টাকা।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে বগুড়া সদর থানা এলাকা থেকে একটি ট্রাকে করে ১২ টন সিসা ঢাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাঠানো হয়। ট্রাকচালক এসব সিসা ঢাকায় না নিয়ে ভিন্ন পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় চোরাই চক্রের কাছে বিক্রি করে দেন। ওই চক্রের কাছ থেকে ২২ লাখ টাকায় এক ট্রাক সিসা কিনেন মো. ফারুক। সিসা ও ট্রাকচালকের সন্ধান না পেয়ে সিসার মালিক বগুড়া সদর থানায় একটি মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সীতাকুণ্ড পুলিশের সহায়তায় আজ বিকেল সাড়ে চারটার দিকে কদমরসুল বাজার এলাকায় অভিযান চালায় বগুড়া-পুলিশ। প্রথমে তারা ফারুককে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে সন্ধ্যা ছয়টার দিকে ফারুক সিসা বের করে দেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, জোরারগঞ্জ এলাকার জাহাঙ্গীর নামের একজনের কাছ থেকে ২২ লাখ টাকা দিয়ে ওই সিসা কিনেছেন তিনি।
চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে জোরারগঞ্জ ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় রাতে অভিযান চালানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।