আগুনে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি, আরেক মেয়ের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা

আগুনে পুড়ে দুই সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মনসুর ঢালী। আজ সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের আশ্রাফ আলী ব্যাপারিকান্দি গ্রামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনসুর ঢালী ও রেহানা দম্পতির সন্তান ছিল তিনটি। দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে ছিল তাঁদের সুখের সংসার। মনসুর ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। সংসারের আর্থিক খরচ জোগাতে দরজির কাজ করতেন রেহানা। সন্তানেরা বিদ্যালয়ে পড়ত। তাদের নিয়ে ছিল অনেক স্বপ্ন। তবে এর সবই এখন অতীত। এক আগুনে পুড়ে এই দম্পতির দুই সন্তান এখন না-ফেরার দেশে, আরেক মেয়ে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে।

মনসুর-রেহানা দম্পতির বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের আশ্রাফ আলী ব্যাপারিকান্দি গ্রামে। তাঁর বাড়িতে দুটি টিনের বসতঘর আছে। একঘরে তাঁরা স্বামী-স্ত্রী থাকেন, অন্য ঘরটিতে থাকত দুই মেয়ে মীম আক্তার (১৩), সামিয়া আক্তার (১১) ও ছেলে আরাফাত হোসেন (৮)। গত সোমবার রাত ১১টার দিকে সন্তানদের থাকা ঘরটিতে আগুন লাগে। এ সময় মীম, সামিয়া ও আরাফাত ঘুমিয়ে ছিল। স্বজনেরা তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়। আর মীমকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দুই সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মনসুর, রেহানাসহ পরিবারের সদস্যরা। হাসপাতালে ভর্তি মীমের চিকিৎসার খরচ কীভাবে জোগাড় হবে, তা নিয়ে চরম দুশ্চিন্তা আছে পরিবারটি।

আজ বুধবার সকালে সখিপুরের ওই গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা মনসুর, মা রেহানা, দাদা আবুল কাশেম ঢালী কান্না করছেন। কাঁদতে কাঁদতে বারবার তাঁরা মূর্ছা যাচ্ছিলেন। স্বজনদের সান্ত্বনায়ও কান্না থামছিল না। পুড়ে যাওয়া বসতঘরে তাদের বই, ব্যবহারের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। বাবা-মা বারবার সেই পুড়ে যাওয়া ঘরে ছুটে যাচ্ছিলেন প্রিয় সন্তানদের স্মৃতি খুঁজতে।

কাঁদতে কাঁদতে মা রেহানা বলছিলেন, ‘আমি এখন কী নিয়ে বাঁচব। তোমরা আমার প্রাণের ধনকে এনে দাও। ওদের কোলে-পিঠে করে মানুষ করেছি। কেন ওরা আমাকে ছেড়ে চলে যাবে? ইফতারির পর খাওয়ার জন্য ওর বাবা বিরিয়ানি এনেছিল। যত্ন করে তিন ছেলে-মেয়েকে বিরিয়ানি খাইয়েছি। ওটাই যে শেষ খাওয়া হবে আমি তো বুঝিনি।’

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সামিয়া আক্তার স্থানীয় ৫১ নম্বর সখিপুর জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। মীম আক্তারও একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। তাদের ছোট ভাই আরাফাত হোসেন একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। গতকাল বিকেলে গ্রামের একটি কবরস্থানে সামিয়া ও আরাফাতকে দাফন করা হয়েছে।

সামিয়া ও আরাফাতের চাচা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই যা আয় করত, তা দিয়ে সংসার খরচ ও সন্তানদের পড়ালেখা চালিয়ে রাখা কষ্টকর। কিছুদিন আগে ভাতিজা আরাফাত দুর্ঘটনার শিকার হয়। ভাই মনসুরকেও কুকুরে কামড় দিয়েছিল। এ দুজনের চিকিৎসা করাতে দুই লাখ টাকা ঋণ করতে হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ভাইয়ের দুই সন্তানের মৃত্যু। আরেক সন্তান চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে ওই মেয়ের চিকিৎসা করানোর টাকা কোথায় পাব, বুঝতে পারছি না।’

বসতঘরের আগুনে দগ্ধ হয়ে মারা গেছে নাতি ও নাতনি। পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে তাদের দাদা আবুল কাশেম ঢালী। আজ সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের আশ্রাফ আলী ব্যাপারিকান্দি গ্রামে
ছবি: প্রথম আলো

পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দাফনের খরচের জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও ৫০ হাজার টাকা আজ দেওয়া হবে। পুড়ে যাওয়া ঘরটি নির্মাণের জন্য দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকা দেওয়া হবে। চিকিৎসাধীন অগ্নিদগ্ধ মেয়েটির চিকিৎসার জন্য সহায়তা করা হবে।

সামিয়া ও আরাফাতের দাদা আবুল কাশেম ঢালী আজ সকালে পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি বলেন, ‘আমার নাতি-নাতনিরা আমাকে খুব ভালোবাসত। সব সময় হাসিখুশি থাকত। ছুটে ছুটে আমার খোঁজ নিত। এখন কে আমাকে দাদুভাই বলে ঢাকবে। আল্লাহ কেন আমাদের এমন সুখ কেড়ে নিল?’

ওই তিন শিশুর বাবা মনসুর ঢালী বলেন, ‘ছেলেমেয়েরা আমাদের সঙ্গে রোজা রাখত। ওরা ইফতারির পর জুস আর বিরিয়ানি খেতে চেয়েছিল। আমি এনেছিলাম। হাসপাতালে নেওয়ার সময় আমার বুকের মানিকগুলো চিৎকার করছিল। জিহ্বা জ্বলে যাচ্ছে বলে চিৎকার করছিল। সারা রাস্তাই জুস আর পানি খাওয়ানোর চেষ্টা করেছি। ওরা দুজন যে আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে যাবে, বুঝতে পারিনি। আমরা এখন কীভাবে বাঁচব? বড় মেয়েটির চিকিৎসা করানোর টাকাও আমাদের কাছে নেই। কে আমাদের পাশে দাঁড়াবে?’