নাচোল উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

আবদুল কাদের
ছবি: সংগৃহীত

চাঁপাইনাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আবদুল কাদেরকে বরখাস্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে নাচোল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে অস্থায়ী উপজেলা চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ–সংক্রান্ত চিঠি জেলা প্রশাসককে পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

ওই বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠিটি আজ রোববার সন্ধ্যায় পেয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

সন্ধ্যার পর থেকে ফেসবুকে চিঠিটি ঘুরছিল। নাচোল উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আবদুল কাদের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

উপজেলা পরিষদের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, ২০২১ সালের শেষের দিকে আবদুল কাদেরের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও নীতিবহির্ভূতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ সংক্রান্ত দুটি অভিযোগ জেলা প্রশাসকের কাছে পাঠান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকে অভিযোগ দুটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয় এবং আবদুল কাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ ছাড়া ২০২১ সালের নভেম্বর মাসে আবদুল কাদেরের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।