পিরোজপুরের ভাসমান হাট
নৌকায় চলে সব পণ্যের কেনাবেচা
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই হাট পিরোজপুরের বেলুয়া নদীতে বসে। এখানে শাকসবজি, ফল, ধান, চালসহ বিভিন্ন কৃষিপণ্য বেচাকেনা হয়।
ভোরের আলো সবে ফুটেছে। সাতসকালে ছোট নদীর বুকে কৃষিপণ্য বোঝাই শত শত ডিঙি ভিড়ছে। নদীতে নোঙর করা আছে বড় বড় ট্রলার। ডিঙি থেকে দরদাম করে হরেক রকম সবজি কিনে ট্রলারে তুলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি গৃহস্থ পরিবারগুলো নৌকায় হাটে এসেছে পণ্য কিনতে। ছোট ছোট ঢেউয়ের তালে চলছে হাটের কেনাবেচা। এ দৃশ্য চোখে পড়বে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারসংলগ্ন বেলুয়া নদীর ভাসমান হাটে।
পিরোজপুর সদর থেকে উত্তর–পূর্ব দিকে কলারদোয়ানিয়া ইউনিয়নের বেলুয়া নদীর তীরে বৈঠাকাটা বাজার। বাজারের পূর্ব পাশে বেলুয়া নদীতে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাট বসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুয়া নদীর আশপাশের ২০ থেকে ২৫ গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত শাকসবজি, মৌসুমি ফল, চারা, ধান ও চাল কেনাবেচা করেন এই হাটে। কৃষিভিত্তিক গ্রামীণ জীবনে প্রয়োজনীয় সব মৌসুমি পণ্য সারা বছর কেনা বেচার কারণে সমৃদ্ধ হয়েছে বেলুয়া নদীর ভাসমান হাট।
বৈঠাকাটা বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. আবদুল গফুর মিয়া বলেন, খালবিল বেষ্টিত নাজিরপুর উপজেলার অধিকাংশ গ্রামে একসময়ে সড়কপথে যোগাযোগব্যবস্থা ছিল না। তখন নৌপথে চলাচল ও পণ্য পরিবহন করা হতো। শতবছর আগে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য নৌকায় করে বেলুয়া নদীতে নিয়ে আসতেন। আবার ক্রেতারা নৌকা থেকে পণ্য কিনে নৌকায় করে চলে যেতেন। নৌকায় বসে এভাবে চলত কৃষিপণ্যের কেনাবেচা। এভাবে বেলুয়া নদীতে ভাসমান হাটের শুরু। ধীরে ধীরে হাটের পরিধি বেড়েছে। কয়েক দশক ধরে এ হাটে দূরদূরান্ত থেকে ট্রলার নিয়ে আসছেন পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা এখান থেকে কৃষিপণ্য ও শাকসবজির চারা কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৫৪ সালে ভাসমান হাটের পশ্চিম পাশে বেলুয়া নদীর তীরে গড়ে ওঠে বৈঠাকাটা বাজার। বৈঠাকাটা বাজার ও বেলুয়া নদীর ভাসমান হাটকে ঘিরে এ অঞ্চলের কৃষিপণ্যের ব্যবসা–বাণিজ্যের প্রসার লাভ করে। নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া, মুগারঝোর, মনোহরপুর, পদ্মডুবি, বিলডুমুরিয়া, সোনাপুর, গাওখালী, চাঁদকাঠি, সাচিয়া, লড়া, পেনাখালী; নেছারাবাদ উপজেলার বলদিয়া, গগন, মলুহার, কাঁটাখালী, ইলুহার, জনতা; বরিশালের বানাড়িপাড়া উপজেলার বিশারকান্দি, উমারেরপাড়, উদয়কাঠী, কদমবাড়ি, চৌমোহনাসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য ভাসমান হাটে বিক্রি করেন। শহরে নিয়ে যান। এ হাটের কৃষিপণ্য মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারেও রপ্তানি হয়।
ভাসমান হাটে একদিন
২৩ মে ভোর সোয়া ছয়টার দিকে বেলুয়া নদীর পশ্চিম পাশে বৈঠাকাটা বাজার থেকে ভাসমান হাটে যাওয়ার জন্য ট্রলারের অপেক্ষা করছিলেন এ প্রতিবেদক। এ সময়ে চোখে পড়ে শত শত নৌকায় কৃষিপণ্য বোঝাই করে হাটে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। সূর্য উঁকি দেওয়ার পরই বেলুয়া নদীর বুকে জমে ওঠে হাট। দুপুর ১২টা পর্যন্ত চলে কেনাবেচা।
বেলুয়া নদীর এক কিলোমিটারে বসা ভাসমান হাট ঘুরে দেখা গেছে, কৃষকেরা তাঁদের খেতে মিষ্টিকুমড়া, চালকুমড়া, মিষ্টি আলু, লাউ, করলা, পটোল, কাঁকরোল, চিচিঙ্গা, পেঁপে, কচু, কচুর লতি, কাঁচা কলা, কচি তাল, পুঁইশাক, মরিচ, নারকেল, কাঁঠাল, আম নিয়ে এসেছেন। এ ছাড়া হাটে বিক্রির জন্য শাকসবজির চারাও রয়েছে। পাইকারেরা কৃষকের কাছ থেকে পণ্য কিনে বড় নৌকা ও ট্রলারে করে নিয়ে যাচ্ছেন। হাটে রয়েছে কয়েকটি ভাসমান চায়ের দোকান। ছোট নৌকায় ঘুরে ঘুরে চা–বিস্কুট বিক্রি করছেন চা বিক্রেতা। এ সময় চোখে পড়ে নৌকায় মাইক লাগিয়ে মুখরোচক খাবার বিক্রি করছেন এক হকার। সবজির হাটের পাশেই রয়েছে নারকেলের হাট। কিছু দূরে এগোনোর পর বেলুয়া নদীর শাখাখালে দেখা মেলে চাল, ধান ও মুড়ির হাট। এ ছাড়া নদীর এক প্রান্তে বয়েছে চাঁইয়ের হাট।
খেতের সবজি নিয়ে হাটে বিক্রির জন্য এসেছেন বরিশালের বানারিপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের কৃষক ওসমান গণি ((৭০)। তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে এ হাটে সবজি বিক্রি করি। সবজি নিয়ে আসার পর খুব বেশি অপেক্ষা করতে হয় না। পাইকারেরা এসে দরদাম করে সবজি কিনে নেন। এ হাটে পণ্যের ভালো দামও পাওয়া যায়।’
বেলুয়া মুগারজোর গ্রামের অশীতিপর কৃষক আবদুল করিম মোল্লা বলেন, বেলুয়া নদীর হাটে একসময়ে কৃষকেরা তাঁদের শাকসবজি ডিঙিতে নিয়ে আসতেন। আশপাশের গ্রামের মানুষ সেই পণ্য কিনে নৌকায় করে বাড়ি ফিরে যেতেন। এখন এ হাটে শহর থেকে সবজি ব্যবসায়ীরা ট্রলার ও ট্রাক নিয়ে আসেন কৃষিপণ্য কিনতে।