পড়ার টেবিলে হঠাৎ ঢলে পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

জীবক চাকমাছবি: সহপাঠীদের কাছ থেকে নেওয়া

অন্যদিনের মতো সকালে পড়ার টেবিলে বসে ছিলেন জীবক চাকমা (২০)। এরপর হঠাৎ তিনি ঢলে পড়েন। সহপাঠীরা বুঝতে পেরে দ্রুত তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। এরপর সেখানেই তাঁর মৃত্যু হয়।

জীবক চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ডাকঘরের রামহরি পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম রবিলেন্দু চাকমা। আগামী মঙ্গলবার থেকে তাঁর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার হওয়ার কথা রয়েছে।

জীবক চাকমা বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডার হোস্টেলে থাকতেন। সহপাঠীরা জানান, পরীক্ষার কারণে জীবক বিজু উৎসবেও বাড়িতে যাননি। তবে তাঁর আর পরীক্ষা দেওয়া হলো না।

আরও পড়ুন

আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জীবক চাকমাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ হোসেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস-সমর্থিত) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অন্বেষ চাকমা বলেন, ‘সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক। এরপর দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাঁকে মেডিকেল সেন্টারে আনা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগনির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ হোসেন বলেন, ‘জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে সকাল ৯টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’