চুরির অভিযোগে ব্যবসায়ীকে হাত–পা বেঁধে ঝুলিয়ে পেটানোর অভিযোগ
মাদারীপুরের রাজৈরে ইজিবাইক চুরির অভিযোগে এক ফল ব্যবসায়ীকে দুদিন ধরে আটকে রেখে হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লোহার রড গরম করে পেটানোর ও চোখে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম রবিউল শেখ (৩০)।
আজ শনিবার সকালে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিউল শেখ রাজৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘোষালকান্দি এলাকার মৃত খোকন শেখের ছেলে। উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় একটি ফলের দোকান রয়েছে তাঁর।
এ ঘটনায় রবিউল শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে আজ সন্ধ্যায় রাজৈর থানায় একটি মামলা করেন। প্রধান অভিযুক্ত সুমন শেখকে (৩১) রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার মৃত ফজলু শেখের ছেলে।
রবিউলের মামাতো ভাই শাহীন শেখ প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের শরীরের এমন কোনো স্থান নেই যে যেখানে আঘাতের চিহ্ন নেই। তাঁকে উলঙ্গ করে নির্যাতন চালানো হয়েছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিচার চাই।’
গ্রেপ্তার হওয়ার আগে অভিযুক্ত সুমন শেখ বলেন, ‘রবিউল ইজিবাইক চুরি করেছেন। এর প্রমাণও আছে। অপরাধ স্বীকার না করায় এলাকার লোকজন তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় আমিও তাঁকে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি দিয়েছি।’
পুলিশ ও বরিউল শেখের স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চুরির অভিযোগ তুলে গত বুধবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে রবিউলকে তুলে নিয়ে গিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে তাঁকে উলঙ্গ করে নির্যাতন চালান সুমন শেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন।
এ সময় রবিউলের হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লোহার রড গরম করে বেধড়ক পেটানো ও চোখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে রবিউল শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
এদিকে এ ঘটনার বিচার চেয়ে রাজৈর উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন ঘোষালকান্দি এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা চুরির অভিযোগ তুলে রবিউলকে তুলে নিয়ে এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
জানতে চাইলে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা আক্তার বলেন, ‘রবিউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চোখে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধাতব কিছু দিয়ে পেটানো হয়েছে। রবিউলের অবস্থা স্থিতিশীল। তবে তাঁর সুস্থ হতে সময় লাগবে। উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।’
জানতে চাইলে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আরও তিনজনকে ধরতে পুলিশ কাজ করছে।