৩৬২টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

জেলার ৬৯৮টি বিদ্যালয়ের মধ্যে ৩৬২টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৬১১টি পদ শূন্য।

  • প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

  • ৪৫০ জন সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। এটি চূড়ান্ত হলে সংকট কেটে যাবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

শরীয়তপুরে অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। জেলার ৬৯৮টি বিদ্যালয়ের মধ্যে ৩৬২টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৬১১টি পদ শূন্য। শিক্ষকসংকটে এসব বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের ৬টি উপজেলায় ৬৯৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ৩৬২টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য এবং ৩ হাজার ৫১২টি সহকারী শিক্ষকের পদের মধ্যে ৬১১টি পদ শূন্য।

সদর উপজেলার বালিয়াকান্দি আবদুল হামিদ সাকিদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ওই বিদ্যালয়ের একমাত্র সহকারী শিক্ষক গত ১ জানুয়ারি প্রশিক্ষণে যান। তখন বিদ্যালয়টি শিক্ষকশূন্য হয়ে যায়। গত ১৫ জানুয়ারি পাশের ৩৬ নম্বর কাচারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে প্রেষণে সংযুক্ত করা হয়। ফেব্রুয়ারিতে প্রেষণে সংযুক্ত করা হয় চব্বিশরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষককে। বর্তমানে ওই দুই শিক্ষক সেখানে পাঠদান করছেন।

বালিয়াকান্দি আবদুল হামিদ সাকিদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে থাকা সহকারী শিক্ষক মইনুল ইসলাম বলেন, ‘দুই শিফটে বিদ্যালয়ের কার্যক্রম চালাতে হচ্ছে। একসঙ্গে তিনটি শ্রেণিতে পড়াতে হয়। দুজন শিক্ষক একসঙ্গে তিনটি শ্রেণিতে পড়াই। এক শ্রেণিতে কিছু সময় দিয়ে আবার অন্য শ্রেণিতে যাই। এভাবেই একসঙ্গে দুটি শ্রেণির পাঠদান করাতে হচ্ছে। এর ওপর দাপ্তরিক কাজ রয়েছে। উপজেলায় সভায় যেতে হয়। এভাবে স্কুল চালাতে গিয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

শরীয়তপুর সদরের ৮৮ নম্বর হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক কর্মরত। বিদ্যালয়টিতে ১১০ জন শিক্ষার্থীকে ওই দুই শিক্ষক পাঠদান করছেন। কোনো শিক্ষক অসুস্থ হলে বা দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাম সরদার বলেন, ‘উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে বিদ্যালয়টির অবস্থান। এখানে কোনো শিক্ষক পদায়ন নিতে চান না। দীর্ঘদিন থেকে দুজন শিক্ষক পাঠদান কার্যক্রম চালাচ্ছি। একজন ছুটিতে গেলে বা উপজেলা সদরে গেলে একজনকে স্কুল চালাতে হয়। মাঝেমধ্যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দিয়ে পাঠ্যক্রম চালানো হয়।’

জাজিরার আলতাফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমিন ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, পদ্মা নদীর চরে বিদ্যালয়টি অবস্থিত। সেখানে কোনো শিক্ষক যেতে চান না। দুর্গম পদ্মা পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। বাধ্য হয়ে ওই চর থেকে দুজন স্বেচ্ছাসেবককে যুক্ত করা হয়েছে, তাঁরা মাঝেমধ্যে পাঠদানে সহযোগিতা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আর ৪৫০ জন সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলমান। সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত হলে অনেক বিদ্যালয়ের শিক্ষকসংকটে কেটে যাবে।