ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনে হিজলায় ৪ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে বরিশালের হিজলা উপজেলায় চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই সময় আরও দুই জেলেকে আটক করা হয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে হিজলাসংলগ্ন মেঘনা নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়।
নৌ পুলিশ জানায়, আটক জেলেদের কাছ থেকে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আটক জেলেদের দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত চার জেলে হলেন—মো. সাইফুল ইসলাম মল্লিক (৩০), মো. নাজমুল হক শিকদার (২৫), নুরূল ইসলাম তালুকদার (২৭) ও মো. কাওসার মল্লিক (২৫)। তাঁরা সবাই হিজলা উপজেলার চর বিশার গ্রামের বাসিন্দা।
নৌ পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গতকাল দিবাগত রাত ১২টা থেকে দেশের সব নদী ও সাগরে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে একদল জেলে মা ইলিশ ধরছিলেন। এ সময় মৎস্য বিভাগ নৌ পুলিশ, কোস্টগার্ড সদস্যদের নিয়ে অভিযানে গেলে ছয় জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও তারেক হাওলাদার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটক চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্য দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, জব্দ করা পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের আজ শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গতকাল দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে সরকার। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত।