ফেনীতে অনলাইনে প্রতারণার অভিযোগ, দামি গাড়িসহ যুবক গ্রেপ্তার
ফেনীতে অনলাইন প্রতারণা অভিযোগে বিকাশ চন্দ্র নাথ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ফেনী পৌর এলাকার মধ্যম চাড়িপুর থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিকাশ চন্দ্র নাথের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। বিকাশ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রামপুরা এলাকার দিলীপ চন্দ্র নাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনী শহরের মধ্যম চাড়িপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, বিকাশ ‘অনলাইন ট্রেডিংয়ের’ কনটেন্ট তৈরি করতেন। ‘ক্রিপটো কারেন্সি’ কিনতে উদ্বুদ্ধ করতেন মানুষকে। এসব প্রচারণার ফাঁদে পা দিয়ে অনেকে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। প্রতারণার শিকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বিকাশ একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন বলে পুলিশ জানায়। জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র জানায়, বিকাশ চন্দ্র নাথ অনলাইনে নিজের নাম ও পরিচয় গোপন করে ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ট্রেডিং–সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন। পরে সেগুলো অনলাইনে প্রচার করে সাধারণ মানুষকে সম্পৃক্ত হতে প্রলুব্ধ করতেন। সম্প্রতি বেশ কিছু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়।
অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক বিকাশ চন্দ্র নাথকে মধ্যম চাড়িপুরের একটি ঘর থেকে আটক করে। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে দুটি আইফোনসহ তিনটি মুঠোফোন, কম্পিউটার ও মনিটর, টয়োটা ও হোন্ডা ব্র্যান্ডের দুটি সেডান গাড়ি, একটি ব্যাংকের চেক বই জব্দ করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।