নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যার নেপথ্য নায়কদের খুঁজে বের করার লক্ষ্যে ‘কমিশন গঠনে’ দেশবাসী উন্মুখ। নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচিত হওয়া দরকার। বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, সেটি আইন করে বন্ধ করেছেন জিয়াউর রহমান। আর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন জিয়া, এরশাদ ও খালেদা জিয়া।
গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি অ্যাক্ট বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার কার্যক্রম শুরু করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে বিচারের কোনো কার্যক্রম গ্রহণ করেনি। বরং তারা আমাদের ওপর গ্রেনেড ও বোমা হামলা করেছে।’
এর আগে খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রণালয়ের সচিব, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, দপ্তরপ্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ফাতিহা পাঠ ও ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল প্রমুখ উপস্থিত ছিলেন।