নিখোঁজের ছয় দিন পর কলাবাগানে পাওয়া গেল শিশু কবিতার গলিত লাশ
ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর একটি কলাবাগান থেকে কবিতা আক্তার নামের সাত বছর বয়সী এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সবার ছোট কবিতা স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণিতে পড়ত। ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরদিন শিশুটির মা তাহমিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন কলাবাগানে পড়ে যাওয়া একটি কলাগাছ অপসারণ করতে যান স্থানীয় দুজন শ্রমিক। তাঁরা দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে গলিত লাশটি পড়ে থাকতে দেখেন। শিশুটির পরনে কোনো পোশাক ছিল না। সালোয়ার দিয়ে মুখ বাঁধা ছিল। শ্রমিকেরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং শিশুটির মা–বাবা এসে লাশ শনাক্ত করেন।
গেরদা ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য জাকারিয়া খান প্রথম আলোকে বলেন, সকার সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কলাবাগানে গিয়ে দুর্গন্ধ পান। পরে লাশটি দেখতে পেয়ে তাঁকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। এরপর নিখোঁজ শিশুর মা ও বাবা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেন।
লাশটি উদ্ধার করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি হালদার। তিনি বলেন, লাশটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। দেখে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই তাকে হত্যা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শিশুটির পোশাক দেখে তাঁর বাবা তাকে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।