চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশের সোর্সের বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলি

পুলিশের তথ্যদাতার বাড়ির সামনে সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে তাঁরা বাড়ি লক্ষ করে গুলি ছোড়েন। আজ ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘির পাড় এলাকায়ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

দাবি করা চাঁদার টাকা না পেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যক্তির বাড়ির সামনে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘির পাড় এলাকায় পুলিশের তথ্যদাতা (সোর্স) আবছার উদ্দিনের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

ঘটনার ভুক্তভোগী আবছার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এক মাস ধরে সন্ত্রাসীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আজ সকালে সন্ত্রাসী কালা মোবারক, মো. কাদের, মো. হারেছ, পারভেজ, সেলিমসহ সাতজন অস্ত্র নিয়ে বাড়ির সামনে আসেন। তখন আশপাশের লোকজন জানতে পেরে চিৎকার করতে থাকেন। ওই সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যান। পরে তাঁরা বাড়ির পাশের দোকান লক্ষ্য করেও গুলি করেন।’

আবছার উদ্দিন আরও বলেন, পুলিশের সোর্স হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি তাঁর গাছের ব্যবসা রয়েছে। কিছুদিন আগে একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁর কাছে চাঁদা দাবি করছে বলে জানান তিনি।

আরও পড়ুন

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কাঁধে ব্যাগ নিয়ে সাতজন লোক ঘটনাস্থলে আসেন। তাঁদের দুজনের হাতে অস্ত্র ছিল। তাঁরা রাস্তার পাশে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আবছারকে গালাগাল করতে থাকেন। টাকা না দিলে সব জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁরা গুলি ছুড়তে ছুড়তে চলে যান।

পুলিশ জানায়, অস্ত্র হাতে আসা সন্ত্রাসীরা বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন