রোহিঙ্গা নাগরিক সন্দেহে যুবক আটক, ভোটার হতে নেত্রকোনায় এসেছিলেন বলে ধারণা

হাতকড়াপ্রতীকী ছবি

নেত্রকোনায় রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালিতে থাকতেন, তাঁর বাবার নাম রাফিক।

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে নয়টার দিকে শহরের ছোট বাজার এলাকায় সিলেট বেকারের সামনে কারিম নামের ওই যুবক ঘোরাফেরা করছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেখানে উপস্থিত হয় নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি দল। একপর্যায়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তির পরিচয় ও অবস্থানসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সরকার। আজ মঙ্গলবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে, ওই ব্যক্তি রোহিঙ্গা নাগরিক। তিনি ভোটার হতে নেত্রকোনায় এসেছেন। ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে বাসে করে নেত্রকোনায় আসেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’