রোদে বসে চা পান করছিলেন সুধীর, প্রাণ গেল বাসের চাপায়
চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের মদনাহাট টেম্পোস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় সুধীর দাশ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে নিহত সুধীর ওই এলাকার সেলিম নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে রোদে বসে চা পান করছিলেন। নিহত সুধীর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, নোয়াখালীর বসুরহাট থেকে চট্টগ্রামগামী একটি বাস দুপুর ১২টার দিকে মদনাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা সেলিমের চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় চায়ের দোকানের সামনে রোদে বসে চা পান করছিলেন সুধীর। নিয়ন্ত্রণহীন বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাসের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এসআই শাহ আলম বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিত নিহত সুধীরের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।