মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় ‘যুবলীগের’ হামলা, মোটরসাইকেলে আগুন

আগুনে পুড়িয়ে দেওয়া একটি মোটরসাইকেল। আজ সন্ধ্যায় চট্টগ্রামের ফটকিছড়িতেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় যুবদল ও ছাত্রদল আয়োজিত একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে শোভাযাত্রায় হামলা করা হয়। হামলায় যুবদল-ছাত্রদলের অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিফায়ত নগর এলাকায় যান ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী। এ সময় মাইকে এলাকায় ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে অতর্কিতে শোভাযাত্রায় হামলা করেন স্থানীয় যুবলীগের কিছু নেতা-কর্মী।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম প্রথম আলোকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় আমাদের ছয়-সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। অন্তত চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন হামলাকারীরা। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান প্রথম আলোকে বলেন, এলাকায় ডাকাত পড়েছে—মাইকে এমন ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলা করেছেন যুবলীগের কর্মীরা। হামলার পরই তাঁরা পালিয়ে গিয়েছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।