কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই তরুণ নিহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ট্রাকচালকের দুই সহকারী তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর ট্রাকের চালক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন হোসাইন শেখ (২৪) ও ইমন মিয়া (১৯)। তাঁরা দুজন পৃথক দুটি ট্রাকের চালকের সহকারী। আহত ট্রাকচালক হলেন সোহেল মণ্ডল (৩২)।
আহত ট্রাকচালক সোহেল মণ্ডল বলেন, তাঁরা ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। তাঁর সহযোগী ছিলেন হোসাইন শেখ। কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় আসার পর তাঁদের ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির অপর একটি ট্রাক পেছন থেকে তাঁদের ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন মোল্লা বলেন, মহাসড়কের পাশে একটি ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, তাঁর সহকারী ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন। ধাক্কা দেওয়া ট্রাকটির চালক পলাতক। তাঁকে আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।