নাটোরে অর্ধশত মোটরগাড়ি নিয়ে আগাম নির্বাচনী শোভাযাত্রা, পদ হারালেন ছাত্রদল নেতা

গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মোটর শোভাযাত্রা বের করা হয়। গতকাল রোববার বিকেলেছবি: সংগৃহীত

তীব্র জ্বালানিসংকটের মধ্যে অর্ধশত মোটরগাড়ি নিয়ে আগাম নির্বাচনী শোভাযাত্রা করে সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার দায়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাসুদ রানা গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে গতকাল রোববার বিকেলে মোটর শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় অর্ধশতাধিক মোটরগাড়িতে প্রায় ৪০০ নেতা–কর্মী অংশ নেন।

গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওই ঘটনা কেন্দ্রীয় ছাত্রদলেরও নজরে আসে। আজ সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসুদ রানাকে তাঁর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

দলীয় পদ হারানোর কথা স্বীকার করে মাসুদ রানা বলেন, ‘এটা ভুল–বোঝাবুঝি হয়েছে। আমি কোনো গাড়িতে তেল ব্যবহার করিনি। সব গাড়িই এলপিজি ও সিএনজিতে চলেছে। বর্তমানে এলপিজির কোনো সংকট নেই। আর কর্মসূচিটি ছিল বহু পুরোনো। ব্যস্ততার কারণে করতে না পারায় গাড়ির চালকদের ইচ্ছায় রোববার শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।’

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম বলেন, ‘জ্বালানিসংকটের কারণে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন, সেখানে মাসুদ রানা কীভাবে অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন করেন? ঘটনাটি সামাজিক যোগাাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছিল। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। তাঁদের নির্দেশে মাসুদ রানাকে বহিষ্কারাদেশের চিঠি পাঠানো হয়েছে।’