মন্ত্রী হলেন এ্যানি, লক্ষ্মীপুরে আনন্দের জোয়ার

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিছবি: সংগৃহীত

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে নির্বাচিত হন শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এর আগেও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এবারই তিনি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে লক্ষ্মীপুরে দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন দলীয় নেতা–কর্মী ও সমর্থকেরা।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে প্রত্যাশা ও আশাবাদ। সদর উপজেলার কমলনগর উপজেলার বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘আমাদের এলাকায় প্রতিবছর নদীভাঙনে ঘরবাড়ি হারাতে হয়। তিনি পানিসম্পদ মন্ত্রী হওয়ায় আমরা আশা করছি, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সদর উপজেলার চর রুহিতার বাসিন্দা সালেহ উদ্দিন বলেন, ‘আমাদের এলাকার একজন জাতীয় পর্যায়ে মন্ত্রী হয়েছেন—এটা লক্ষ্মীপুরবাসীর জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন পর এমন সুখবর পেলাম।’

আরও পড়ুন

লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, ‘আজ শহরে একটা উৎসবের আমেজ ছিল। সবাই আনন্দ করছে। আমরা নিজের এলাকার মানুষকে মন্ত্রী হতে দেখে খুশি।’

রায়পুরের কলেজশিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তাঁর এই অর্জন জেলা রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা।’