রংপুরে ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের সেন্ট্রাল রোডের অগ্রণী ব্যাংকে নিরাপত্তাপ্রহরীকে সকালে মৃত অবস্থায় পাওয়া যায়। ব্যাংকের প্রধান ফটকের সামনে তা দেখতে মানুষের ভিড়
ছবি: প্রথম আলো

রংপুর নগরের সেন্ট্রাল রোডের অগ্রণী ব্যাংকের ভেতর থেকে শামীম মিয়া (২৫) নামের এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। শামীম মিয়া মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন।

অগ্রণী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শামীম ১৭ মাস ধরে ব্যাংকটিতে নিরাপত্তাপ্রহরীর চাকরি করেছেন। ১০ দিন আগে তিনি বিয়ে করেন। আজ সকালে শাখার লোকজন ব্যাংকে এসে দেখেন শামীম শুয়ে আছেন। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখা যায়, তিনি মারা গেছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সকাল থেকে ব্যাংকের গ্রাহকসেবা বন্ধ রাখা হয়েছে।

শামীমের ভাই শরিফুল ইসলাম বলেন, শামীম প্রতিদিন সকালে ব্যাংকে আসতেন এবং সন্ধ্যায় বাড়ি যেতেন। কিন্তু গতকাল তিনি বাড়িতে যাননি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হোসেন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।