প্রেমের টানে রাজবাড়ীর গ্রামে এসে বিয়ে করলেন চীনের যুবক

চীনের জ্যাকি চেউং বিয়ে করেছেন রাজবাড়ীর নার্গিস আক্তারকে। গতকাল রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, এরপর বন্ধুত্ব, পরে প্রেম। প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দের নার্গিস আক্তারকে (২৪) বিয়ে করেছেন চীনের নাগরিক জ্যাকি চেউং (৩৬)। দুই দেশের দুজনের এই বিয়ে নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি বরকে দেখতে প্রতিদিন নার্গিসের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও উৎসুক মানুষ।

গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে নার্গিস। জ্যাকির বাড়ি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টিতে (প্রশাসনিক অঞ্চল)।

নার্গিসের পরিবার জানায়, ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি। দুই পরিবারের সম্মতিতে ৩ নভেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এরপর ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

ভাইয়ের মাধ্যমে পরিচয়

নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। কর্মসূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

চার মাস আগে জ্যাকি চাকরি ছেড়ে নিজ দেশে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ রাখেন। অনলাইনে নিয়মিত কথা বলে তাঁরা একে অপরকে জানার সুযোগ পান। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

আধো আধো বাংলায় জ্যাকি প্রথম আলোকে বলেন, নার্গিসের সঙ্গে নিয়মিত কথা বলতে বলতে তাঁকে ভালো লেগে যায়। তাঁকে জীবনসঙ্গী করতেই বাংলাদেশে এসেছেন। নার্গিসের পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়ে তাঁর ভালো লাগছে। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সংসার করতে চান তিনি। পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফেরার পরিকল্পনা আছে জ্যাকির।

স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন নার্গিস। তিনি বলেন, প্রথমে জ্যাকির সঙ্গে সাধারণভাবে কথা হতো। ধীরে ধীরে বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। জ্যাকি তাঁকে বিয়ে করতে এত দূর থেকে এসেছেন, এতে তিনি খুব খুশি।

নার্গিসের প্রতিবেশীদের সঙ্গে জ্যাকি চেউং। গতকাল রোববার দুপুরে গোয়ালন্দের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

এলাকায় উৎসবের আমেজ

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেবগ্রাম এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীর পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন।

ভিন্ন দেশের একজনের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরু করার ঘটনা পরিবারের কাছে যেমন ব্যতিক্রমী ও আনন্দের, তেমনি নতুন এক অভিজ্ঞতা বলে জানান নার্গিসের মা হাসিনা বেগম।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। সম্পর্কে জড়ানোর আগে সেই ব্যক্তির পরিচয় ও তথ্য যাচাই করে নেওয়া উচিত বলে তিনি মনে করেন।