বিএনপির সমাবেশ ঘিরে গাজীপুরের চন্দ্রায় পুলিশের তল্লাশি

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাসে পুলিশের তল্লাশি। শুক্রবার সকাল সাড়ে ৮টায়
ছবি: প্রথম আলো

ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ এ তল্লাশি শুরু করে। তবে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই রাজধানীতে প্রবেশের পথগুলোয় পুলিশের বাড়তি উপস্থিতি দেখা যাচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকামুখী প্রায় সব গাড়িতেই তল্লাশি করছে পুলিশ। যাত্রীবাহী পরিবহনগুলোতে পুলিশের তল্লাশির ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পুলিশ বলছে, নিরাপত্তার কারণে ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে। তবে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় অন্যান্য দিনের চেয়ে যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকেই দূরপাল্লার বাসে তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের ব্যাগ এবং প্রাইভেট কারের ভেতর ও পেছনের অংশ দেখা হচ্ছে।

টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠেছেন সোহেল মিয়া। তিনি বলেন, ‘গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় আসামাত্রই পুলিশ বাস থামিয়ে নারী যাত্রী ছাড়া প্রায় সবাইকে তল্লাশি করেছে। তাদের কাজ তারা করেছে, এখানে আমাদের তো আর কিছু করার নেই। তবে আমরা অযথা হয়রানির শিকার হচ্ছি।’

সোহাগ পরিবহনের যাত্রী কবিরুল ইসলাম বলেন, ‘পুলিশ অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছে। তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছে। তারা জিজ্ঞাসা করেছে—কোথায়, কেন যাচ্ছি। যাঁদের সঙ্গে ব্যাগ ছিল, তাঁদের ব্যাগ তল্লাশি করে দেখেছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের তল্লাশি
ছবি: প্রথম আলো

কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনে তল্লাশি না হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করছে।

গাজীপুর মহানগর থানার ওসি ছানোয়ার জাহান বলেন, চান্দনা-চৌরাস্তা এলাকায় সব সময়ই পুলিশ দায়িত্ব পালন করে থাকে। আজকের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।